শেরপুরে আরও ১৪৬ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর দখল নিয়ে সংঘর্ষের মামলার আরও ১৪৬ আসামি গতকাল মঙ্গলবার জামিন পেয়েছেন।গতকাল দুপুরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মিয়া মো. আলী আকবার আজীজীর আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। এ নিয়ে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৮৯ জন আসামি জামিন পেলেন। গতকাল জামিনপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন জামালপুর শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. ওসমান গনি, জামালপুর পৌরসভার কাউন্সিলর মো. হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক। জামিনপ্রাপ্ত সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাথালিয়া ও গোয়াবাড়িয়া গ্রামে। তাঁদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর ও জামালপুর জেলার সীমান্তবর্তী চরপক্ষীমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা প্রায় ৩০০ একর আয়তনের চরের দখল নিয়ে গত তিন বছরে জামালপুর ও শেরপুর সদর উপজেলার ছয়টি গ্রামের বাসিন্দাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে উভয়পক্ষে পাঁচজন নিহত ও কমপক্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এ ছাড়া শতাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় শেরপুর সদর ও জামালপুর সদর থানায় ১০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় ৫০০ ব্যক্তিকে আসামি করা হয়।