শেরপুরে আরাফাতকে অপহরণের ঘটনায় তিনজন রিমান্ডে
শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতকে অপহরণ করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আব্দুল লতিফ (২২) ও একই গ্রামের রবিন (২০) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের মো. ইমরান (২২)। এঁদের মধ্যে লতিফ আরাফাতের খালু। গতকাল মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে লতিফ ও রবিনকে আর ইমরানকে নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে অপহরণের তিন দিন পরও উদ্ধার হয়নি আরাফাত। আরাফাত শেরপুর জেলা শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। শহিদুল আসবাব ব্যবসায়ী। গত রোববার আরাফাতকে অপহরণ করা হয়। এ ঘটনায় গতকাল দুপুরে আরাফাতের বাবা শেরপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও আরাফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে আরাফাত বিদ্যালয় থেকে গৃদানারায়ণপুর এলাকার বাসায় আসে। এরপর দুপুরের খাবার খেয়ে সে তার বাবা শহিদুলের সঙ্গে দেখা করার কথা বলে বিকেল তিনটার দিকে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পথে কয়েক যুবক শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে নিয়ে যান। কিছুক্ষণ পরই মুঠোফোনে এক যুবক আরাফাতের বাবা শহিদুলকে জানান, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এবং দুই লাখ টাকা মুক্তিপণ দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজার রহমান আজ বুধবার বিকেল ৪টায় প্রথম আলোকে বলেন, পুলিশ অপহৃত আরাফাতকে উদ্ধারের জন্য শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।