শেরপুরে আর্থিক সংকটে ৩৫ হাজার দিনমজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক মজুরির ভিত্তিতে বগুড়ার শেরপুরে বিভিন্ন বাড়িতে কাজ করেন আদিবাসী নিত্য তাঁতী। পরিবার নিয়ে থাকেন উপজেলার হাতিগারা গ্রামের নিজবাড়িতে। পাঁচজনের পরিবারের মাসিক খরচ কমপক্ষে নয় হাজার টাকা। অথচ অবরোধ-হরতালে গত এক মাসে কাজ পেয়েছেন মাত্র ১০ দিন। আয় করেছেন তিন হাজার টাকা।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইদ্রিস আলীর ভাষ্যমতে, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর শহরে দিনমজুরের সংখ্যা প্রায় ৩৫ হাজার। টানা অবরোধ-হরতালে এসব মানুষের রোজগার কমে গেছে। এসব পরিবারে এখন চরম আর্থিক সংকট চলছে।
উপজেলার মামুরশাহী গ্রামের রিকশাচালক সাইদুর রহমান। তিনি রাতে স্থানীয় শহরে রিকশা চালান। অবরোধ-হরতালের আগে তিনি প্রতিরাতে আয় করতেন সাড়ে তিন শ থেকে চার শ টাকা। অবরোধ-হরতালে আয় কমে যাওয়ায় জমানো টাকাও শেষ। এখন কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। আরেক রিকশাচালক মো. মাফু জানান, পেট্রলবোমার ভয়ে রাতে এখন মানুষ তেমন চলাফেরা করে না। এ জন্য তাঁদের আয় কমে গেছে।
সাধুবাড়ী গ্রামের রিকশাচালক আবদুল খালেকের সঙ্গে কথা হয় ১৩ ফেব্রুয়ারি। তিনি জানান, তাঁর পাঁচ ছেলেমেয়ে লেখাপড়া করে। এখন প্রতিদিন দেড় থেকে দুই শ টাকার বেশি আয় হয় না। এতে পরিবারের তিনবেলা খাবারও জোটে না।
ধুনট রোড ঘাটপার দৈনিক মজুরি বাজারে ১৪ ফেব্রুয়ারি সকাল আটটায় গিয়ে দেখা যায় দিনমজুরি খাটার জন্য টুকরি, কোদাল নিয়ে ডাকের অপেক্ষায় বসে আছেন কমপক্ষে এক শ মানুষ। সকাল নয়টায় শহরের সকাল বাজারেও একই অবস্থা দেখা গেল। এখানে ৪৫ জন বসে আছেন। অন্য কাজে পারদর্শী না হওয়ায় দিনমজুরিই এসব মানুষের একমাত্র আয়ের পথ।
ধুনটরোড ঘাটপারে টুকরি, কোদাল নিয়ে বসে থাকা আবদুস সোবাহান জানান, গত এক সপ্তাহে তিনি কাজ পেয়েছেন মাত্র দুদিন। ফসলি খেতে দিনমজুর দেন আদিবাসী নারী আনারতি তাঁতী। তিনি বলেন, ‘পনের দিন ধরে বসে আছি। কেউ কাজে ডাকে না। ধারদেনা করে কয়দিন চলা যায়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাসছুন্নাহার শিউলি জানান, এসব মানুষের জন্য বর্তমানে সরকারের কোনো কর্মসূচি নেই।