শেরপুরে আল্লাহর দলের তিনজন ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদরে কথিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর গ্রেপ্তার সাত সদস্যের তিনজনকে গতকাল বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্য চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে সূত্রে জানা গেছে, গত বুধবার গ্রেপ্তার আল্লাহর দলের সাত সদস্যকে গতকাল বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে সোপর্দ করে সদর থানার পুলিশ।এদের মধ্যে সংগঠনটির থানা কমান্ডার দেলোয়ার হোসেন ওরফে বাবুল, তার স্ত্রী শামিমা নাছরিন ওরফে রানু বেগম ও গ্রাম কমান্ডার মইনুল হোসেনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গ্রেপ্তার অপর চার সদস্য আনিছ, নুর হোসেন, আবুবকর সিদ্দিক ও পারভীনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। সংশোধনী‘শেরপুরে আল্লাহর দলের দুই নারী সদস্যসহ সাতজন গ্রেপ্তার’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রকাশিত সংবাদে রানু বেগমকে মালঞ্চ সেবা সমিতির স্বাস্থ্য সহকারী হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু মালঞ্চ সেবা সমিতির শেরপুরের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন জানিয়েছেন, রানু বেগম তাঁর সংস্থার কর্মী নন।