শেরপুরে আসামি ছিনতাই, তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। উপজেলার শুভগাছা গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।আহত ব্যক্তিরা হলেন: শেরপুর থানার এএসআই বায়েজিদ হোসেন (৩৮), এএসআই আতোয়ার রহমান (৩৬) ও কনস্টেবল মানিক চন্দ্র দেব (৩৬)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লাভলুর ছোট ভাই মিথুনের স্ত্রী মিষ্টি খাতুন ও ভাতিজা মো. সাজুকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় এএসআই আতোয়ার রহমান বাদী হয়ে লাভলুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি আরও জানান, লাভলু একটি চুরির মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত সোমবার গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়।এএসআই আতোয়ার রহমান জানান, শুভগাছা গ্রামে অভিযান চালানোর পর পুলিশের উপস্থিতি টের পেয়ে লাভলু বাড়ির পাশের একটি ভুট্টাখেতে অবস্থান নেন। একপর্যায়ে ওই খেত ঘেরাও করে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় লাভলুর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।