শেরপুরে আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ আহত
শেরপুর সদর উপজেলার নিজপাড়া গ্রামে লাল চান নামে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাল চান ছাড়াও পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত ব্যক্তিরা হলেন শেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবীর হোসেন ও কনস্টেবল মো. আবদুল হাই। আহত আবদুল হাইকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এএসআই কবির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন লাল চান (২৮), মালা বেগম (৩০), জহুরা বেগম (২২), খালেদা বেগম (২৩), ফিরোজা বেগম (২৮) ও সাজেদা (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে এএসআই কবীর হোসেনের নেতৃত্বে ছয় পুলিশ সদস্যের একটি দল নিজপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে লাল চানকে গ্রেপ্তার করে। পরে লাল চানকে ছাড়িয়ে নিতে তাঁর তিন ভাইবোনসহ প্রায় অর্ধশত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় ও পুলিশের দলটিকে আটক করে রাখে। পরে দুপুর দুটার দিকে শেরপুর সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাঁদের উদ্ধার ও ওই ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নারীরা দাবি করেছেন, তাঁরা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত নন। ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত লাল চান ও পাঁচ নারীর নামে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।