শেরপুরে উত্তাপ শুধু মতিয়ার কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শীত জেঁকে বসেছে। ভোর থেকে ঘন কুয়াশা। দুপুর সাড়ে ১২টার আগে সূর্যের মুখ দেখা যায়নি। এই অবস্থা চলছে প্রায় দেড় সপ্তাহ ধরে। শীতের পাশাপাশি হরতাল-অবরোধের কারণে গারো পাহাড়ের পাদদেশের এই জেলার মানুষের জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। নির্বাচন এখানে কোনো উত্তাপ ছড়াতে পারেনি। যেটুকু উত্তাপ এখানে দেখা যায়, তা শুধু মতিয়া চৌধুরী প্রার্থী হয়েছেন বলেই। সাধারণ মানুষ, প্রার্থী, সমর্থক, কর্মী কেউই মনে করেন না নির্বাচনকে ঘিরে শেরপুরে বড় ধরনের নাশকতা বা সহিংস ঘটনা ঘটবে। নির্বাচন ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তারাও মনে করেন নির্বাচন সুষ্ঠু হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকীর হোসেন প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে প্রশাসন। তবে শুক্রবার রাত নয়টা থেকে ১১টার মধ্যে জেলা সদরের তিনটি ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। দুটি কেন্দ্রে আগুনে দুটি স্কুলের দুটি কক্ষের দুটি দরজা পুড়ে গেছে। কেরোসিনের গন্ধ ছিল। গনই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন নেভান প্রতিবেশীরা। আর গাজীরখামার উচ্চবিদ্যালয়ে আগুন নেভান বিদ্যালয়ের নির্মাণশ্রমিকেরা। এ ছাড়া তারাগড় প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের দরজাও একইভাবে আগুন দেওয়া হয়। শেরপুর জেলার তিনটি আসনেই নির্বাচন হচ্ছে। শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী দুজন। একজন আওয়ামী লীগের, অন্যজন জাসদের। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই দুই আসনের নির্বাচন নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই। মানুষের আগ্রহ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন নিয়ে।
এই আসনেরই প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সমস্য বেগম মতিয়া চৌধুরী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় নালিতাবাড়ী প্রেসক্লাবে বাদশা প্রথম আলোকে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তিনি বিজয়ী হবেন। মতিয়া চৌধুরীর এক সময়কার ঘনিষ্ঠ সহচর বাদশা অভিযোগ করেন, মতিয়া চৌধুরী নানাভাবে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন।
মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগ সম্পর্কে আমি আগেও কোনো মন্তব্য করিনি, এখনো করব না। আপনাদের পর্যবেক্ষণ আপনারা লিখবেন।’ আজ নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়ে নানা মানুষের নানা মত।
বাদশা আশা করেন, ৫০ শতাংশ ভোটার ভোট দিতে আসবেন।