শেরপুরে উদ্ধারের ৩ দিনেও লাশের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার টালিয়াপাড়া গ্রাম থেকে উদ্ধারের তিন দিন পরও অজ্ঞাতনামা লাশের (৪৮) পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১০ অক্টোবর শনিবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ।
৯ অক্টোবর শুক্রবার বিকেলে সদর থানা-পুলিশ টালিয়াপাড়া গ্রামের একটি ছনখেত থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ লাশটি দুই দিন শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গের হিমঘরে রাখে। পরে গত শনিবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন করে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় বেওয়ারিশ লাশ হিসেবে চাপাতলী পৌর কবরস্থানে দাফন করা হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. গোলাম মোস্তফা বলেন, মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে প্রতীয়মান হয়েছে।
এসআই বশির আহমেদ বাদল প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া লাশের গায়ের রং ছিল ফরসা এবং পরনে ছিল সাদা রঙের দামি হাফহাতা জামা ও ঘিয়ে রঙের ফুলপ্যান্ট। তাঁর প্যান্টের পকেটে একটি রুমাল ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। লাশটির পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তকাজে ধীরগতি হচ্ছে বলে তিনি জানান।