শেরপুরে এক বছরে ৫০০ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি গত এক বছরে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। কিন্তু ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান প্রথম আলোকে বলেন, অচিরেই পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৭৫ শতাংশ মানুষ চরাঞ্চলে বাস করে। তাদের বন্যার কবল থেকে রক্ষার জন্য ১৯৭৭ সালে ব্রহ্মপুত্র নদের উত্তর তীরঘেঁষে ১৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। ১৯৮৮ সালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজও বাঁধটি সংস্কার করা হয়নি।অপরদিকে এক দশক আগে জামালপুরের পাথালিয়ায় শহর রক্ষা বাঁধ দেওয়ায় নদীর গতিপথ বদলে যায় এবং প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ঢেউ শেরপুর সদরের ভাগলগড়সহ আশপাশের গ্রামগুলোতে আছড়ে পড়ে। এভাবে ভাঙতে ভাঙতে গত বর্ষা মৌসুম থেকে বর্তমান বর্ষা মৌসুম পর্যন্ত বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। এর মধ্যে এ বছর বর্ষাকালে চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় ও ডাকপাড়া এবং কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চরগ্রামের আড়াই শ ঘরবাড়ি বিলীন হয়েছে। জানা গেছে, চরপক্ষীমারী, কামারেরচর, চরমোচারিয়া ও বলাইয়েরচর ইউনিয়নের ১০টি গ্রামের বিপুল পরিমাণ ফসলি জমিও ব্রহ্মপুত্রের গর্ভে চলে গেছে। ভাঙনের শিকার হওয়া মানুষ মানবেতর জীবন যাপন করছে। কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চরগ্রামের শরীফুল ইসলাম (৪৫) বলেন, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় তারা দুরবস্থার মধ্যে দিন যাপন করছে। একই গ্রামের কৃষক আবদুল হাকিম (৫৮) বলেন, ‘বাড়িঘর ভাইঙ্গা যাওয়ায় নদীর ওই পাড়ের জাইগ্যা ওঠা চরের খালি জায়গায় আশ্রয় নিছি। আমরা বাইচ্যা থাহার জন্য সরকারের কাছে সাহায্য চাই।’চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মো. কুতুবউদ্দিন (৪৫) বলেন, ভাঙন অব্যাহত থাকায় ডাকপাড়া ও ভাগলগড় গ্রামের বিপুলসংখ্যক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধ করা না গেলে এই গ্রাম দুটি নিশ্চিহ্ন হয়ে যাবে।নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মো. ওসমান গনি জানান, তাঁদের স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে একটি জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন বলেন, তিনি একাধিকবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে স্থানীয়ভাবে কিছু পদক্ষেপও নিয়েছেন। তবুও ভাঙন রোধ করা যাচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামছুল করিম প্রথম আলোকে জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে বর্তমানে কোনো প্রকল্প নেই। তবে প্রয়োজনীয় জরিপ ও নিরীক্ষা করে ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধটি পুনঃসংস্কারের জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প দাখিল করা হবে। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের জেগে ওঠা চরে দিয়ারা জরিপের কাজ শেষ হওয়ার পর খাসজমি নদীভাঙনের শিকার গৃহহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে।