শেরপুরে এক শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম বিপ্লব কুমার। তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল সোমবার সকালে ওই শিক্ষকের বিচার ও অপসারণের দাবি করে স্থানীয় লোকজন বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়ে দেন।
প্রধান শিক্ষক সুদেপ কুমার পাল বলেন, বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভার সিদ্ধান্তে বিপ্লবকে সাময়িক বরখাস্ত করা হয়। সভায় তিনি উপস্থিত ছিলেন না। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম শেখকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, ঘটনাটি শোনার পর তিনি গতকাল দুপুরের পর ওই বিদ্যালয়ে যান। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।