শেরপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দড়িকালী নগর গ্রামের আবদুল কাদিরের দুই ছেলে মোখলেছুর রহমান (২৫) ও মোর্শেদ আলী (২০) এবং কাদিরের ভাতিজা রফিকুল ইসলাম (৩৫) ও ইজিবাইকের চালক সুরিহারা গ্রামের ফকির আলী (২৫)।প্রত্যক্ষদর্শী,এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে উপজেলার কাটাখালী সেতু এলাকায় শেরপুর থেকে ঝিনাইগাতীগামী একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী রফিকুলের মৃত্যু হয়।পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় মোখলেছুর, মোর্শেদ ও ফকির আলীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।নিহত মোর্শেদের ভগ্নিপতি মো. আবু বকর বলেন, কৃষিশ্রমিক মোর্শেদ মালয়েশিয়ায় যাওয়ার জন্য লটারিতে বিজয়ী হয়েছিলেন। গতকাল ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে পাসপোর্ট উত্তোলনের জন্য তিনি ময়মনসিংহে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর ও চাচাতো ভাই রফিকুলও যাচ্ছিলেন। পথে তাঁরা ওই দুর্ঘটনার শিকার হন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই চারজনের লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।