শেরপুরে একজনকে হত্যায় তিনজনের যাবজ্জীবন
শেরপুরের ঝিনাইগাতীতে বেলাল হোসেন হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
নিহত বেলাল ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের বাসিন্দা ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের তারা মিয়া (৫২), ফজলু (৪৪) ও তোফাজ্জল হোসেন (৪০)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। পরে বিকেলে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলামিন, আবদুল হামিদ ও মো. জাহিদকে আদালত বেকসুর খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ২০০৫ সালের ১০ এপ্রিল বেলাল হোসেন নিখোঁজ হন। ১৪ এপ্রিল সকালে তাঁর লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় বেলালের বাবা ছয়জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ১৫ আগস্ট ঝিনাইগাতী থানার তৎকালীন উপপরিদর্শক এস এম শাহাদত হোসেন ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. ইমাম হোসেন রাষ্ট্রপক্ষে ও নারায়ণ চন্দ্র হোড় আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন।