শেরপুরে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নাজমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী নাজমুন নাহার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাতশালা ইউপিতে লড়ছেন। কাল শনিবার (৭ মে) এই ইউপিতে ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভাতশালা ইউপিতে নাজমুন নাহার ছাড়াও আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম, বিএনপির মো. সানোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খলিলুর রহমান ও মো. আবুল কাশেম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাজমুন নাহারের পৈতৃক বাড়ি ওই ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামে। বাংলায় স্নাতকোত্তর নাজমুন নাহার ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১১ সালে চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান নাজমুন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মধ্যবয়ড়া গ্রামে গিয়ে দেখা যায়, নাজমুন নাহার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর নির্বাচনী কর্মী ও সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। নাজমুন নাহার আরও বলেন, নির্বাচিত হলে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার আদায়, নিরক্ষরতা দূরীকরণ, স্যানিটেশনব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবেন।