শেরপুরে এটিএম কার্ডধারী গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরে ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাকের চারটি এটিএম বুথ রয়েছে। কিন্তু টাকা সংকটের কারণে যমুনা ব্যাংকের বুথ বন্ধ হয়ে যাওয়ায় এবং ইসলামী ও ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের বুথে অন্য ব্যাংকের কার্ড ‘সাপোর্ট’ না করায় এটিএম গ্রাহকেরা টাকা উত্তোলনে বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে ঈদুল আজহার দীর্ঘ ছুটি শুরু হওয়ার পর এসব এটিএম বুথ থেকে টাকা তোলার চাপ বেড়ে গেছে। কিন্তু ইতিমধ্যে যমুনা ব্যাংকের এটিএম বুথের টাকা শেষ হয়ে যাওয়ায় গত ১০ সেপ্টেম্বর শনিবার থেকে এটিএম কার্ডের গ্রাহকেরা ওই বুথ থেকে টাকা তুলতে পারছেন না। বর্তমানে এই ব্যাংকের এটিএম বুথটি বন্ধ রয়েছে।

অপরদিকে ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের বুথে অন্য ব্যাংকের কার্ড ‘সাপোর্ট’ না করায় এ দুটি ব্যাংকের নিজস্ব গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকেরা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারছেন না। ফলে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে ব্র্যাক ব্যাংকের বুথটি ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বিকেল থেকে পুনরায় চালু হয়েছে। এখানেও নির্ধারিত দু-একটি ব্যাংক ছাড়া সব ব্যাংকের এটিএম গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না।

আজ রোববার বিকেলে ইসলামী ব্যাংকের বুথে কথা হয় ঢাকার একটি টেক্সটাইল মিলের কর্মকর্তা মো. আবদুল গফুরের সঙ্গে। তাঁর বাড়ি শেরপুর জেলা শহরের শেরিপাড়া এলাকায়। তিনি যমুনা ব্যাংকের গ্রাহক। তিনি বলেন, নগদ টাকা বহন করা ঝুঁকি বিধায় এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পরিকল্পনা নিয়ে ঈদের ছুটিতে বাড়ি এসেছেন। আজ রোববার কোরবানির পশু কিনতে যাওয়ার কথা। যমুনা ব্যাংকের বুথ বন্ধ থাকায় ইসলামী ব্যাংকের বুথে টাকা তুলতে যান। কিন্তু এই ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না।

ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের বুথে কথা হয় হাফিজুর রহমানের সঙ্গে। তিনি প্রাইম ব্যাংকের গ্রাহক। এই ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড ‘সাপোর্ট’ না করায় তিনিও টাকা তুলতে পারেননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইসলামী ব্যাংক লিমিটেড, শেরপুর শাখার ব্যবস্থাপক মো. হামিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলনে জালিয়াতির আশঙ্কায় শুধুমাত্র তাঁদের ব্যাংকের কার্ড দিয়েই টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের এটিএম বুথের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার সাহা বলেন, তাঁদের বুথ থেকে শুধু ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকেরাই টাকা তুলতে পারেন। অন্য কোনো ব্যাংকের টাকা এখান থেকে উত্তোলন করা যায় না।
অপরদিকে যমুনা ব্যাংক, শেরপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় এটিএম বুথে নগদ ৩০ লাখ টাকা ‘লোড’ করা হয়। কিন্তু গ্রাহকের চাপে শুক্রবারের মধ্যেই তা শেষ হয়ে যায়। তাই বুথ বন্ধ রাখা হয়েছে। ব্যাংক খুললে পুনরায় টাকা ‘লোড’ করা হবে বলে তিনি জানান।