শেরপুরে এবারও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মতো এবারও শেরপুর জেলায় বোরো ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজারমূল্যের চেয়ে সরকারের ধান-চাল সংগ্রহমূল্য কম হওয়ায় আর্থিক ক্ষতির কারণে চালকলের মালিকেরা সরকারি গুদামে ধান-চাল সরবরাহ করতে উৎসাহ হারিয়ে ফেলছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে দুই হাজার ৮৩২ মেট্রিক টন ধান ও ৪০ হাজার ৫৫৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ জন্য জেলার ৬০৪টি চালকলের মালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুযায়ী এসব চালকলমালিক গুদামে ৩৩ হাজার ৬৫৮ মেট্রিক টন চাল সরবরাহ করবেন।
সরকার এ বছর বোরো ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে যথাক্রমে প্রতি কেজি ২০ ও ৩১ টাকা। বর্তমানে স্থানীয় বাজারে ধানের দাম ২০ টাকা এবং চালের দাম ৩৩-৩৪ টাকা। গত ১৭ মে শেরপুরে ধানচাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ৩০ আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলবে।
কিন্তু ১১ আগস্ট পর্যন্ত ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত কোনো ধান সংগ্রহ করা হয়নি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক পাটোয়ারী বলেন, ২০১১ ও ২০১৩ সালেও জেলায় বোরো ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ধান-চাল সংগ্রহমূল্যের চেয়ে বাজারমূল্য বেশি থাকায় প্রায় প্রতিবছরই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে তিনি জানান।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন বলেন, সরকার-নির্ধারিত ক্রয়মূল্যের সঙ্গে চাল উৎপাদন খরচের বিস্তর ফারাক হওয়ায় অধিকাংশ চালকলমালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেন, চুক্তিবদ্ধ চালকলমালিকদের বারবার তাগিদ দিয়েও তেমন কাজ হচ্ছে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে।