শেরপুরে এসপিকে ঘুষ দেওয়ার সময় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
শেরপুরের পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার সময় গতকাল সোমবার জেলার ঝিনাইগাতী উপজেলার আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজন হলেন ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে মন্টু (৪২), বনগাঁও গ্রামের মকবুল হোসেন (৩৫) এবং শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার কর্মচারী হাবিবুর রহমান (৪০)।পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঝিনাইগাতীর বনগাঁও বাজারে যাত্রা, হাউজি, পুতুলনাচ ও জাদু প্রদর্শনের অনুমোদন নেওয়ার জন্য গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তাঁর কার্যালয়ে আসেন হাবিবুর রহমান। কিন্তু তিনি (এসপি) জানিয়ে দেন, অনুমোদন দেওয়া হবে না। তখন হাবিবুর রহমান বেরিয়ে যান। কিন্তু একটু পরেই মকবুল হোসেন পাঁচ হাজার টাকা নিয়ে তাঁর কক্ষে ঢুকে অর্থের বিনিময়ে অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। এ সময় মন্টু এবং তাঁর ভাগনে হাবিবুর রহমান এসপি কার্যালয়ের দর্শনার্থীর কক্ষে অপেক্ষা করছিলেন।এসপি আনিসুর রহমান তখন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামানকে তাঁর কক্ষে ডেকে পাঠান এবং ঘুষ দেওয়ার অভিযোগে মকবুল হোসেন, মন্টু ও হাবিবুর রহমানকে আটক করার নির্দেশ দেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা মন্টু। থানায় তিনি সাংবাদিকদের জানান, যাত্রা-হাউজি নয়, পুতুলনাচ ও জাদু প্রদর্শনের অনুমতি নেওয়ার জন্য তিনি এসপি কার্যালয়ে গিয়েছিলেন। তবে মকবুল হোসেন এসপিকে পাঁচ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।এ ব্যাপারে এসআই বদরুজ্জামান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘুষের জন্য আনা পাঁচ হাজার টাকা পুলিশ জব্দ করেছে।