শেরপুরে করাতকলে সরকারি গাছের গুঁড়ি জব্দ
বগুড়ার শেরপুরের একটি করাতকলে অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে কেটে নেওয়া সরকারি বাবলাগাছের ১৪টি গুঁড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। আত্মসাৎ করার জন্য উপজেলার পানিসারা হিন্দুপাড়া গ্রামের একজন গাছটি চার মাস আগে কেটেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইয়ার মাহমুদ জানান, তিনি বাবলাগাছটি কাটার ঘটনা জানার পর গত বছর ১৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছিলেন।করাতকলের মালিক শাহ আলম জানান, গতকাল সোমবার সকাল ছয়টার দিকে পানিসারা হিন্দুপাড়া গ্রামের শৈলেশ চন্দ্র সরকার ওই গাছের গুঁড়িগুলো তাঁর করাতকলে রেখে যান। গাছটি সরকারি সড়কের পাশের কি না তা তাঁর জানা নেই। অভিযুক্ত শৈলেশ চন্দ্র সরকার জানান, ভেঙে পড়ার উপক্রম হওয়ায় তিনি গাছটি কেটেছেন। বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, বেআইনিভাবে গাছ কাটা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।