শেরপুরে কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। এক ঘণ্টার কর্মসূচিতে শেরপুর ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারীসহ কমপক্ষে পাঁচ শ শিক্ষার্থী অংশ নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. আঞ্জুমান আরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রভাষক আবদুল আলীম, আবদুল মান্নান, আশরাফুল আলম, আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদসহ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬৭ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন শহীদ বুদ্ধিজীবী মহসীন আলী দেওয়ান। কলেজটি জাতীয়করণের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।