শেরপুরে কলেজছাত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

শেরপুর সরকারি কলেজের ছাত্রী নূরানী আক্তারকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে মানববন্ধন হয়েছে। কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।
নূরানী আক্তার ওরফে হিমু শেরপুরের নকলা উপজেলারচর বাছুর আলগা গ্রামের মো. আবদুল হালিমের মেয়ে ও শেরপুর জেলা শহরের মধ্যশেরী শিংপাড়া এলাকার মো. সাহেদুজ্জামানের স্ত্রী ছিলেন। গত ৮ সেপ্টেম্বর রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে (নূরানী) হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি শেরপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, উপাধ্যক্ষ সারওয়ার জাহান, আবদুর রউফ, শিক্ষার্থী হাফিজুর রহমান, আনোয়ারুল হক, মোক্তার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। পরে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশের কাছে স্মারকলিপি পেশ করেন।
মামলার এজাহার ও স্মারকলিপি সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে সাহেদুজ্জামানের সঙ্গে নূরানীর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর থেকে নূরানীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে (নূরানী) নির্যাতন করা শুরু করেন। একই কারণে ৮ সেপ্টেম্বর রাতে সাহেদুজ্জামান, শ্বশুর সেকান্দর আলী, ননদ শামিমা ও স্বামীর বন্ধু আবদুল জলিল তাঁকে নির্যাতন করে হত্যার পর লাশ শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় লাশ ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নূরানীর মা বিউটি বেগম বাদী হয়ে স্বামীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী সাহেদুজ্জামান ও তাঁর বন্ধু জলিলকে গ্রেপ্তার করেছে। অন্যরা পলাতক রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নূরানী হত্যা মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতিমধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।