শেরপুরে কার্যালয় থাকলেও মিলছে না পাসপোর্ট
শেরপুরে তিন মাস আগে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবের অভাবে এখনো পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শেরপুর থেকে ৭৫ কিলোমিটার দূরে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গিয়ে পাসপোর্ট করাতে হচ্ছে। ফলে নতুন পাসপোর্ট করতে আগ্রহী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় শেরপুরের কর্মকর্তা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুন মাসে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাসপোর্ট শাখা চালু হয়। তখন থেকে গ্রাহকের চাহিদা মোতাবেক হাতে লেখা পাসপোর্ট সরবরাহ করা হতো। গ্রাহককে দ্রুত সেবা দেওয়া ও যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়ার লক্ষ্যে ২০১১ সালের ৩১ মার্চ শেরপুরে নতুন পাসপোর্ট তৈরির কার্যক্রম প্রত্যাহার করে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে নেওয়া হয়। গত বছরের ১ ডিসেম্বর জেলা শহরের মাধবপুর এলাকায় একটি ভবনে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব নেই। তাই এই কার্যালয়ে এমআরপি তৈরি করা যাচ্ছে না। বর্তমানে এই কার্যালয়ে শুধু হাতে লেখা পাসপোর্ট নবায়ন করা হয়।
বেসরকারি পর্যায়ে হজযাত্রী পাঠানোর প্রতিষ্ঠান ঢাকা এয়ার এভিয়েশন সার্ভিসের গ্রুপ লিডার শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা মো. শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, আবেদন জমা, ছবি তোলা, আঙুলের ছাপ দেওয়াসহ এমআরপি পেতে বর্তমানে এক ব্যক্তিকে কমপক্ষে তিনবার ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যেতে হয়। ফলে সরকারনির্ধারিত ফি তিন হাজার টাকার স্থলে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। অধিকন্তু শেরপুর থেকে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যেতে গ্রাহকদের অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। শিকার হতে হয় অবর্ণনীয় দুর্ভোগের।
শাহিনুর রহমান আরও জানান, শেরপুর থেকে প্রতিবছর সহস্রাধিক লোক হজ করতে সৌদি আরবে যান। তাই শেরপুর জেলা সদরে স্থাপিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে নতুন পাসপোর্ট তৈরির কাজ শুরু হলে হজে যেতে ইচ্ছুক লোকজনের ভোগান্তি কমবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বাড়বে।
শেরপুর জেলা শহরের নবীনগর মহল্লার বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, চিকিৎসকের পরামর্শ মোতাবেক হূদেরাগের চিকিৎসার জন্য তাঁর ভারতে যাওয়া প্রয়োজন। কিন্তু ভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহে গিয়ে পাসপোর্ট করাতে সাহস পাচ্ছেন না। শেরপুর থেকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকলে তাঁর মতো রোগীদের অনেক সুবিধা হতো।
শহরের বাগরাক্সা মহল্লার হুমায়ূন আহমেদ বলেন, এ বছর স্ত্রীকে নিয়ে হজ করতে সৌদি আরবে যেতে চান। শেরপুরের কার্যালয় থেকে পাসপোর্ট দেওয়ার কাজ শুরু হলে তাঁদের জন্য অনেক ভালো হতো।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় শেরপুরের সহকারী পরিচালক হালিমা খাতুন সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘এমআরপি তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব না থাকায় তা করা সম্ভব হচ্ছে না। যন্ত্রপাতি সরবরাহ করা হলে এখান থেকেই পাসপোর্ট তৈরি করা সম্ভব হবে। এ ব্যাপারে আমি বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।’