শেরপুরে কিশোরী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
শেরপুরে নালিতাবাড়ীতে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মফিজউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ আদেশ দেন। রায়ে আদালত একই সঙ্গে আসামি মফিজের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করে সেই টাকা আদায় করে ওই কিশোরীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মফিজউদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক আছেন।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া জানান, নালিতাবাড়ী উপজেলার কয়রাকুড়ি গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মা-বাবা ঢাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ওই কিশোরী দাদির কাছে থাকত। ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোরীর দাদি বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে বাড়ির পাশের পানি সেচ মেশিনের পাম্পচালক মফিজউদ্দিন কিশোরীর ঘরে ঢুকে পড়েন। পরে ওই কিশোরীকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন মফিজউদ্দিন। গোসল সেরে দাদি ঘরে ফিরে নাতনিকে না পেয়ে চিৎকার শুরু করলে ধর্ষণকারী মফিজউদ্দিন পালিয়ে যান।
এ ঘটনায় মফিজউদ্দিনকে একমাত্র আসামি করে কিশোরীর দাদি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মফিজউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান।