শেরপুর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণের সময় কয়েকটি ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। ফলাফল ঘোষণার পর দুটি ইউনিয়নের পরাজিত প্রার্থীরা দোকানপাট ভাঙচুর করে এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এদিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের তিনটি কেন্দ্রে আওয়ামী লীগের এক নেতার সমর্থকেরা ভোটারদের প্রকাশ্যে ভোটদানে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের ১৩তম দিনে গতকাল ২১ জেলার ১৯১টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়।শেরপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বালিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিরোধ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৩টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের একটি শেল ছোড়ে। এতে পাঁচজন আহত হয়। বেলা সাড়ে তিনটার দিকে গাজীরখামার ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিভিন্ন প্রার্থীর দুই শতাধিক লোক কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শটগানের ১৮টি গুলি ছোড়ে। এতে পাঁচজন আহত হয়।একই সময়ে কামারিয়া ইউনিয়নের দক্ষিণ তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী একজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীর লোকজন জাল ভোট দেওয়ার সময় শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আকবর আলী তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় জাল ভোট দেওয়ার কাজে সহযোগিতা করার অভিযোগে পুলিশ কেন্দ্রের কর্তব্যরত দুই পোলিং কর্মকর্তা মো. শাহজাহান ও আহসান হাবিব এবং চার পোলিং এজেন্ট সোহেল মিয়া, আবদুস সাত্তার, আমজাদ হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে। এখান থেকে জাল ভোট দেওয়া ৩২৪টি ব্যালট পেপার জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আরও পাঁচজন আহত হয়।এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মো. জাহাঙ্গীর, পূর্ব আলিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আবদুর রহমান ও আলী আকবর এবং পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে আক্তারকে আটক করে। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার জাল ভোট দেওয়ার দায়ে মো. জাহাঙ্গীরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। রাত আটটার দিকে সদরের ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণার পর পরাজিত নাজমুন নাহারের সমর্থকেরা কানাশাখোলা বাজারে হামলা চালিয়ে অন্তত ২০টি দোকানপাট ভাঙচুর করে এবং ১০ জনকে আহত করে। এর মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ছয়টি ফাঁকা গুলি ছোড়ে। রাত সাড়ে আটটার দিকে পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যরা ব্যালট বাক্স নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর লোকজন তাঁদের পথ আটকে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের ৩৬টি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কানাশাখোলা বাজার ও পাকুরিয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে উভয় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।টাঙ্গাইল: মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবু খাঁর ছোট ভাই বাবলু খাঁ। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির তালুকদার বলেন, আড়ালিয়া, হাসনই ও সেরুবাড়ী কেন্দ্রে আবু খাঁর নেতৃত্বে বাবলু খাঁর পক্ষে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় আবু খাঁর এই অপকর্মে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। পুলিশ ও প্রশাসন তাঁর পক্ষে কাজ করেছে।গতকাল দুপুর ১২টার দিকে হাসনই কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের ভেতর ও বাইরে ভোটারদের অনেক ভিড়। কেন্দ্রের ভেতর বিভিন্ন বুথে ভোটারদের ব্যালট পেপার হাতে দেওয়ার পর বাবলু খাঁর সমর্থকেরা চেয়ারম্যান পদে বাবলু খাঁর আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করছে। এ সময় কেন্দ্রে বাবলু খাঁর এজেন্ট তুলা মিয়া বলেন, এলাকার সবাই বাবলু ভাইকে ভালোবাসেন, তাই তাঁরা প্রকাশ্যেই ভোট দিচ্ছেন। এ ব্যাপারে হাসনই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’ বেলা দেড়টার দিকে আড়ালিয়া কেন্দ্রে গিয়ে দেখা যায় একই চিত্র। বাবলু খাঁর আনারস প্রতীকের এজেন্ট রুহুল আমিন গোপন কক্ষে ঢুকে তাঁদের পক্ষে ভোটদানে বাধ্য করছেন। সেরুবাড়ী কেন্দ্রের চিত্রও ছিল একই রকম।এ ব্যাপারে আবু খাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।