শেরপুরে ক্লিনিক ব্যবস্থাপকের হামলায় আহত চিকিৎসকের মৃত্যু
শেরপুরে ক্লিনিক ব্যবস্থাপকের হামলায় আহত প্রবীণ চিকিৎসক মো. শাহাদত হোসেন (৯০) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ছয়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
শাহাদত হোসেন শেরপুর জেলা শহরের কালীরবাজার এলাকার বাসিন্দা এবং পারভীন ক্লিনিকের মালিক ছিলেন। এ ঘটনায় গত ২৮ নভেম্বর ক্লিনিক ব্যবস্থাপক বিপ্লব আহমেদকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি শেরপুর শহরের দীঘারপাড় এলাকার আবদুল হকের ছেলে। তিনি জেলা কারাগারে আছেন।
পুলিশ ও শাহাদত হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, পারভীন ক্লিনিকের ব্যবস্থাপনা ও আর্থিক বিষয় নিয়ে ক্লিনিকের মালিক শাহাদত হোসেনের ছেলে ফসিউল ইসলামের সঙ্গে ক্লিনিকের ব্যবস্থাপক বিপ্লব আহমেদের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ফসিউলের সঙ্গে বিপ্লবের বাগ্বিতণ্ডা হয়। এ সময় বাগ্বিতণ্ডা থামাতে গেলে বিপ্লব তাঁকে (শাহাদত) গলায় ধরে জোরে ধাক্কা দেন। এতে তিনি (শাহাদত) মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। এরপর স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন গতকাল বলেন, এ ঘটনায় নিহত চিকিৎসক শাহাদতের ছেলে ফসিউল ইসলাম গত ২৯ নভেম্বর বিপ্লবের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। সুরতহাল প্রতিবেদনে নিহত শাহাদাতের মাথায়, ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। গতকাল বিকেলে জেলা সদর হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।