শেরপুরে খুরারোগের বিস্তার এক মাসে ১০ বাছুরের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আট গ্রামে গোবাদিপশুর মধ্যে খুরারোগ ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বর মাসে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত ১০টি বাছুর।
গোবাদিপশুর মধ্যে খুরারোগ ছড়িয়ে পড়া গ্রামগুলো হলো ইউনিয়নের ঘোলাগাড়ী, ঘোলাগাড়ী কলোনি, আয়রা, বাঘমারা, বেলতা, নদীয়াপাড়া, কানাইকান্দর ও পাঁচআনা।
মারা যাওয়া গরুর তিনজন মালিক বলেন, এ রোগে আক্রান্ত বাছুর গরুর জিভ, মুখ ও পায়ে একধরনের ঘা হয়। এ থেকেই নিস্তেজ হয়ে পড়ে বাছুরগুলো। আক্রান্ত হওয়ার পর গরুগুলো ঠিকমতো খেতেও পারে না।
গত বুধবার ঘোলাগাড়ী কলোনি গ্রামের আবদুল গাফ্ফার বলেন, তাঁদের গ্রামসহ আশপাশের গ্রামগুলোর গোবাদিপশুর মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়েছে। এ রোগে বাছুরের সঙ্গে সঙ্গে বড় গাভিও মারা যাচ্ছে। গত ডিসেম্বর মাসে একটি গাভিসহ দুই থেকে তিন মাস বয়সী অন্তত ১০টি বাছুর মারা গেছে। যাদের বাছুর মারা গেছে, তারা সবাই নিম্ন আয়ের মানুষ। গরু মারা যাওয়ার ভয়ে অনেকেই সুস্থ বড় গরুও বিক্রি করে দিচ্ছেন।
তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হকের ভাষ্যমতে, এ পর্যন্ত আটটি বাছুর গরু মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ওই ইউনিয়নের ঘোলাগাড়ী ও ঘোলাগাড়ী কলোনি গ্রামে দু-তিন মাস বয়সী বেশ কিছু বাছুর এই রোগে আক্রান্ত হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কয়েকশ গরুকে ভ্যাকসিন (টিকা) দেওয়া হয়েছে। এ দুই গ্রামের পাশের একটি গ্রামেও গবাদিপশুকে এই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।