শেরপুরে গণসংগীত উৎসব শুরু
‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’—স্লোগান সামনে রেখে শেরপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী বৃহত্তর ময়মনসিংহ জেলা গণসংগীত উৎসব। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। সংগঠনের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আমির আহমেদ চৌধুরী, গণসংগীত সমন্বয় পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য মানজার চৌধুরী, গণসংগীত উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ইমাম হোসেন ও সদস্যসচিব সঞ্চিতা হোড়, সম্মিলিত সাংস্কৃতিক জোট শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ।