শেরপুরে গরুচোর চক্রের সাত সদস্য গ্রেপ্তার, বাস জব্দ
বগুড়ার শেরপুরে আন্ত জেলা গরুচোর চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোগা হাটখোলা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের গোয়ালঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নেওয়ার সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ তাঁদের আটক করে।
এ সময় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে টহলরত পুলিশ চোরদের ব্যবহৃত একটি বাস জব্দ করে। তবে গরু বহনকারী ট্রাকটি পালিয়ে যায়৷
আটক বাসটি বগুড়া বাসটার্মিনাল থেকে সোনাতলা সড়কে চলাচল করে থাকে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল শুক্রবার শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক শিবগঞ্জ উপজেলার দোপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫), পঞ্চদাস গ্রামের মো. বুলু (৩৫), মোকামতলার আবদুল আলীম (৪০), বামুন্নার মীর সরকার (৩৬) ও জামুরহাট গ্রামের মো. সবুজ (২১), বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়া গ্রামের মো. মুক্তা (২৫) এবং বাসচালকের সহকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা গ্রামের মো. রাশেদ (২২)৷
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷