শেরপুরে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর থানার পাশে গোসাইপাড়ার এক পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে সোমবার রওশন আলী (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তলসহ নয়টি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রওশন আলী উপজেলার শিমলা সাতবাড়িয়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে। রওশন ওই পাড়ায় পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের বাড়িতে পাঁচ-ছয় বছর ধরে ভাড়া থেকে শহরের এক মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া থানায় কর্মরত আছেন।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, দু-একদিন আগে হত্যাকারীরা তাঁর লাশ ঘরের মেঝের মধ্যে ফেলে রেখে বাড়ির সামনের (ফটক) দরজায় তালা দিয়ে চলে গেছে। এ ঘটনায় শফিকুল ইসলামসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।থানার ওসি আমিরুল ইসলাম বলেন, এটা পরিকল্পিত হত্যা।