শেরপুরে গৃহবধূ খুন স্বামী পলাতক

বগুড়ার শেরপুরে দুই সন্তানের মা শারমিন আক্তারকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর দুই সন্তান নিয়ে পালিয়ে যান স্বামী আবদুল মতিন (৩৫)। শারমিনের মা ও বোন জানিয়েছেন, আবদুল মতিন মাদকাসক্ত।
গতকাল শনিবার বেলা তিনটায় শহরের ধুনট রোড এলাকায় শারমিনের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার শোয়ার ঘরের বিছানার ওপর থেকে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, মাথার দুই পাশে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে শারমিনকে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে ধারালো ছোরা ও রড উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতের যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গতকাল বেলা আড়াইটায় এই হত্যার ঘটনা থানা-পুলিশকে জানানো হয়। তিনি বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় মতিনের তাঁতরা গ্রামের বাড়ি থেকে শারমিনের দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মতিনকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।
আবদুল মতিনের মা মর্জিনা খাতুন বলেন, গতকাল সকাল সাড়ে সাতটায় মতিন তাঁর দুই সন্তানকে বাড়িতে তাঁর কাছে রেখে চলে যান। বিকেলে বাড়িতে পুলিশ গেলে তিনি জানতে পারেন শারমিনের এই হত্যার ঘটনা।
শারমিনের সৎমা ফাইমা খাতুন বলেন, সকাল ১০টায় শারমিনের ঘরে এসে দেখেন দরজায় তালা। আবার বেলা দুইটায় এসে দেখেন দরজার তালা খোলা। এ সময় তিনি ঘরে ঢুকে দেখেন শোয়ার ঘরের বিছানায় শারমিনের রক্তমাখা লাশ পড়ে আছে।
গতকাল বিকেলে আবদুল মতিনের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।