শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুর আটক
শেরপুর জেলা শহরে এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম মিনা বেগম (২০)। তিনি দিঘারপাড় মহল্লার দিনমজুর আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার বাসিন্দা হাসমত আলীর স্ত্রী। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।স্বামী হাসমত আলী তাঁকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় মিনার বাবা আনিসুর রহমান একটি হত্যা মামলা করেছেন। পুলিশ মিনার শ্বশুর লাল চানকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও নিহত মিনার পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে দিঘারপাড় মহল্লার দিনমজুর হাসমত আলীর সঙ্গে প্রতিবেশী আনিসুর রহমানের মেয়ে মিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। মিনার বাবা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে স্বামী হাসমত আলী গলা টিপে মিনাকে হত্যা করে ফেলেছেন। মিনাকে নির্যাতন করার কথা জানতে পেরে তাঁরা গিয়ে গতকাল বুধবার ভোর চারটার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। ওই অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকির্যাসক মিনাকে মৃত ঘোষণা করেন।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, এ ঘটনায় মিনার বাবা আনিসুর রহমান বাদী হয়ে স্বামী হাসমত আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন মিনার শ্বশুর লাল চান, শাশুড়ি হাছনা বেগম ও নানি শাশুড়ি পাতা মাও। পুলিশের সুরতহাল প্রতিবেদনে মিনার গলায় আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।