শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা উত্তরপাড়া গ্রামে আলেফা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে৷ গতকাল শুক্রবার শেরপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে৷
থানার উপপরিদর্শক (এসআই) নন্দিতা সরকার বলেন, লাশের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আলেফার স্বামী সোহেল শেখ পালিয়ে যান৷
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, পেশায় ট্রাকচালক সোহেল প্রায়ই আলেফাকে মারধর করতেন৷ তাঁদের দাম্পত্য কলহ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়েছে। আলেফার বাবার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌতা গ্রামে।
আলেফার মা ফুলেরা খাতুন অভিযোগ করেন, সোহেলই পিটিয়ে তাঁর মেয়েকে হত্যা করেছেন৷
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ আলেফার শ্বশুর মোজাম শেখ গতকাল থানায় লিখিত অভিযোগ দেন৷ অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক কলহের জের ধরে আলেফা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন৷ অভিযোগটি অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়৷