শেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে মামলা
শেরপুর শহরের শিববাড়ী মহল্লা থেকে যুথী বেগম (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর থানা পুলিশ যুথীর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তাঁর স্বামী খোরশেদ আলম পলাতক। পুলিশ ও যুথী বেগমের পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি খোরশেদ আলমের সঙ্গে যুথীর বিয়ে হয়। এটি ছিল যুথীর দ্বিতীয় বিয়ে। তাঁর ঘরে প্রথম পক্ষের সাত বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। ছেলে ও মেয়েকে নিয়ে যুথী দ্বিতীয় স্বামী খোরশেদের সঙ্গে শেরপুর শহরের শিববাড়ী মহল্লার একটি ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন ধরে দুই সন্তানকে নিয়ে খোরশেদের সঙ্গে তাঁর কোন্দল চলছিল। যুথীর ভাড়া বাসার মালিক মো. হাবিবুর রহমান জানান, গত বুধবার খোরশেদ আলম ও যুথী দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি (হাবিবুর) জানতে পারেন, তাঁদের ভাড়াটিয়া যুথীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। খবর পেয়ে তিনি ও তাঁর স্ত্রী শিববাড়ী মহল্লার বাসায় ফিরে আসেন। ইতিমধ্যে শেরপুর সদর থানার পুলিশও ঘটনাস্থলে চলে আসে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় যুথীর লাশ উদ্ধার করে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুথী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় যুথীর মামা হায়দার আলী বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করেছেন। যুথীর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।