শেরপুরে গৌতম বুদ্ধের প্রাচীন মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার দিবাগত গভীর রাতে গৌতম বুদ্ধের একটি মূল্যবান প্রাচীন মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের আবদুর রেজ্জাকের ছেলে মো. রুহুল আমিন ভুট্টো (৪৫), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের মৃত মামুদ আলীর ছেলে মো. মোন্তাজ (৩০) ও বন্ধবেড় গ্রামের জবেদ আলীর ছেলে নিজামউদ্দিন (৪৫)। উদ্ধারকৃত মূর্তিটি ব্রোঞ্জের নির্মিত এবং এটির ওজন এক কিলোগ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহর থেকে প্রাচীন মূর্তি পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের নারায়ণপুর মহল্লার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশ মূল্যবান বুদ্ধমূর্তিসহ রুহুল আমিন ভুট্টোকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, গোয়েন্দা পুলিশ শুক্রবার গভীর রাতেই কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সদর থেকে মো. মোন্তাজ (৩০) ও নিজামউদ্দিনকে গ্রেপ্তার করে।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত তিনজন একটি সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে প্রাচীন পুরাকীর্তি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাচার করার কাজে জড়িত ছিলেন।