শেরপুরে গ্রেপ্তার তিনজন রিমান্ডে, ওষুধসহ আরও দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া হাসপাতালের দুই কর্মচারীসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মিঞা মোহাম্মদ আলী আকবর আজীজী গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন।যাদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা নাসরিন বেগম, চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুল ওয়াহাব ও ওষুধ বিক্রেতা মো. আখতারুজ্জামান।এদিকে পুলিশ গতকাল সন্ধ্যায় শেরপুর জেলা শহরের রাজবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন শহরের রাজবল্লভপুর মহল্লার ফরহাদ মিয়া (৪০) ও তাঁর স্ত্রী শিউলী বেগম (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ফরহাদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরহাদ মিয়ার বাড়িসংলগ্ন নর্দমা থেকে বিভিন্ন ধরনের ৯৫০টি অ্যামপুল ইনজেকশন উদ্ধার করে। উদ্ধার করা এই ওষুধের মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, আটক ফরহাদ মিয়া ও শিউলী বেগম স্বীকার করেছেন, জেলা সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ইনচার্জ শরিফা আক্তারের স্বামী মাহাবুল আলম এসব ওষুধ তাঁদের বাড়িতে বস্তায় ভরে ফেলে রেখে যান। এখান থেকে কিছু ওষুধ তাঁরা পুড়িয়ে ফেলেন এবং কিছু ওষুধ নর্দমায় ফেলে দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করে। তবে সিস্টার ইনচার্জ শরিফা আক্তার পলাতক রয়েছেন। পুলিশ তাঁকে আটকের চেষ্টা করছে।এ ব্যাপারে জানতে চাইলে শেরপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুছ সামাদ প্রথম আলোকে বলেন, হাসপাতালের স্টোর থেকে কোনো ওষুধ চুরি হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের গ্রেপ্তার হওয়া দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।