শেরপুরে গ্রেপ্তার দুই সরকারি কর্মকর্তাসহ ৫ জনের জামিন নাকচ
শেরপুরে পিস্তল, গুলি ও ভারতীয় মদসহ গ্রেপ্তার হওয়া সরকারি দুই কর্মকর্তাসহ পাঁচজনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পলাশ চন্দ্র রায় জামিন নাকচ করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।মঙ্গলবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের মেলান্দহ উপজেলা প্রকৌশলী লোকমান আলী, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মাদ্রাসা রোডের ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা ও আলমগীর হোসেন এবং শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের গোপনীয় সহকারী আবদুল হালিম (বর্তমানে প্রেষণে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কর্মরত) ও শ্রীবরদীর বাসিন্দা নূর আলম চৌধুরী।ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিডিআরের হাতে আটক ওই পাঁচজন প্রমোদ বিহারের জন্য ঝিনাইগাতী সীমান্তের গারো পাহাড়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের রিমান্ডে আনা হবে।এদিকে শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া গোপনীয় সহকারী আবদুল হালিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, প্রকৌশলী লোকমান আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে।