শেরপুরে চলছে হালখাতা!
শেরপুরে এখন চলছে ‘হালখাতার মৌসুম’। চলতি জুন মাসের প্রথম দিন মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত শেরপুর জেলা শহর ও গ্রামাঞ্চলে কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতা শুরু হয়েছে। এ হালখাতা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে বলে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রচলিত রীতি অনুযায়ী এখন আর পয়লা বৈশাখে হালখাতা হয় না। ওই দিন ব্যবসায়ীরা নিয়ম রক্ষার জন্য শুধু নতুন খাতা ‘শুভক্ষণ’ করে রাখেন। এর কারণ হিসেবে একাধিক ব্যবসায়ী জানান, শেরপুরের অর্থনীতি কৃষিনির্ভর। পয়লা বৈশাখের সময় থাকে ইরি-বোরো মৌসুমে ধান পাকার চূড়ান্ত সময়। সে সময় কৃষকেরা তাঁদের সঞ্চিত টাকা-পয়সা চাষাবাদে বিনিয়োগ করে থাকেন। তখন তাঁদের হাতে পর্যাপ্ত অর্থ থাকে না। ফলে কৃষকেরা বাকির টাকা পরিশোধ করতে পারেন না। তাই বাকির টাকা আদায়ের উদ্দেশ্য নিয়ে ব্যবসায়ীরা যে হালখাতা করেন, তা সফল হয় না।অপরদিকে বোরো ধান কাটার পর কৃষকেরা তাঁদের উৎপাদিত ধান বিক্রি করে টাকা-পয়সা হাতে পান। তাই বৈশাখ মাসের পরিবর্তে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি শেরপুরের ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে হালখাতা করা হচ্ছে। বর্তমানে জেলা শহরের নয়আনী বাজার, তিনআনী বাজার, মুন্সীবাজার, শহীদ বুলবুল সড়কসহ জেলার গ্রামাঞ্চলের কয়েক শ স্বর্ণালংকার, কাপড়, মনোহারি, ক্রোকারিজ, রড-সিমেন্ট, হার্ডওয়্যার, কৃষি যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ, কাঁচামালের আড়ত ও টিনের দোকানে হালখাতার উৎসব চলছে। এ উপলক্ষে ব্যবসায়ীরা হালখাতা করতে আসা গ্রাহকদের মিষ্টি বা বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করছেন।গতকাল দুপুরে শেরপুর শহরের নয়আনী বাজারে একটি কাপড়ের দোকানে হালখাতা করতে আসা গৃহিণী নারগিস রহমান জানান, হালখাতায় বাকির টাকা পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করছেন, এতে খুব ভালো লাগছে। হালখাতায় বাকির টাকা কেমন আদায় হচ্ছে, জানতে চাইলে শেরপুরের ব্যবসায়ী জয় মেশিনারিজের মালিক রূপম কুমার রায় বলেন, মোটামুটি ভালোই। পুরোনো বাকির টাকা আদায়ের উদ্দেশ্যেই মূলত এ সময় হালখাতা করা। বছরের এ সময়ে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতা শুরু হওয়ায় মিষ্টির দোকানগুলোতে চাহিদা বেড়ে গেছে। জেলার প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার চারু সুইটসের মালিক গোবিন্দ কুমার ঘোষ বলেন, মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় দুধের দামও অনেক বেড়ে গেছে। তাই তাঁরা মিষ্টির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি নিতে বাধ্য হচ্ছেন।