শেরপুরে চাঁদা না পেয়ে হামলা
বগুড়ার শেরপুরে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুই ব্যবসায়ীকে জখম এবং নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে উপজেলার সীমাবাড়ী বাজারে মেসার্স সপ্তক এন্টারপ্রাইজ নামক ব্যবসাপ্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত হয়েছেন ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক জাব্বারুল মনির (৩২) এবং তাঁর ছোট ভাই আজম মাহমুদ (২৮)। জাব্বারুল প্রাথমিক চিকিৎসা নিলেও মাহমুদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি উপজেলার ধনকুণ্ডী গ্রামে।
জাব্বারুল জানান, তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন ঠিকাদার। গত রোববার বিকেল সাড়ে চারটায় স্থানীয় রফিকুল ইসলামের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাঁকে কিলঘুষি এবং তাঁর ভাই আজমকে রড দিয়ে পিটিয়ে জখম করে ক্যাশবাক্সে থাকা নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। চাঁদা না পেলে এরপর প্রাণনাশেরও হুমকি দেয় সন্ত্রাসীরা।
এদিকে অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, তিনি চাঁদা না, পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। তখন জাব্বারুলের সঙ্গে তাঁদের কিছু কথা-কাটাকাটি হয়েছে। টাকা লুট বা হামলার অভিযোগও অস্বীকার করেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম আম্বীয়া জানান, চিকিৎসাধীন আজমের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাঁর হাতের একটি আঙুল ও নাক ভেঙে গেছে।