শেরপুরে চার আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পুলিশ পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার চার আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান গতকাল সোমবার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
ওই চার আসামি হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামের রনি আমিন (৪০), ময়মনসিংহের কোতোয়ালি থানার রঘুরামপুর গ্রামের মো. কামরুজ্জামান (৩৮), শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরপাড়া গ্রামের মো. জুলহাস উদ্দিন (৪৮) ও বেতমারী পশ্চিমপাড়া গ্রামের মো. আবু সাইদ (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রনি আমিন পুলিশের ডিআইজি (উপমহাপরিদর্শক) ও কামরুজ্জামান ডিআইজির ব্যক্তিগত সহকারীর (পিএ) পরিচয় দিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে শেরপুরের বেশ কয়েকজন যুবকের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। তাঁদের সহযোগী ছিলেন জুলহাস, সাইদ ও মুর্শেদ।