শেরপুরে চার দিন পর পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনার বাংলা’ বাস সার্ভিসসহ বিভিন্ন সার্ভিস থেকে চাঁদাবাজি ও পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রশাসন ও শ্রমিকনেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। এতে চার দিন পর গতকাল রোববার থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে আবার বাস-কোচ চলাচল শুরু হয়েছে।
গত বুধবার থেকে ওই পরিবহন ধর্মঘট চলছিল।
শেরপুর জেলা বাসকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম গতকাল বেলা দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত শনিবার রাতে সমিতির কার্যালয়ে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা বাসকোচ মালিক সমিতির এক সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক। এতে বাসকোচ মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র মো. হুমায়ুন কবীরসহ সড়ক পরিবহন-সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ঐক্য পরিষদের নেতাদের পক্ষ থেকে পরিবহন সেক্টরে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে গতকাল সকাল থেকে ধর্মঘট স্থগিত করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় শেরপুর সার্কিট হাউসে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমানের সঙ্গে শেরপুর জেলা বাসকোচ মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠক হয়। বৈঠকে মো. আতিউর রহমান পরিবহন সেক্টরে বিরাজমান সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক, বাসকোচ মালিক সমিতির সভাপতি মো. ছানুয়ার হোসেনসহ পরিবহন-সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।