শেরপুরে চার শতাধিক চালকল মালিককে কৈফিয়ত তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো সংগ্রহ কার্যক্রমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দেওয়ার চুক্তি না করায় শেরপুর জেলার চার শতাধিক চালকল মালিককে কৈফিয়ত তলব করা হয়েছে। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান চালকল মালিকদের কাছে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ গতকাল মঙ্গলবার বলেন, সংগ্রহ মৌসুমের শেষ মাসে খাদ্য বিভাগ কর্তৃক এ ধরনের কৈফিয়ত তলব অনেকটা অনভিপ্রেত। জানা যায়, বোরো সংগ্রহ মৌসুমের দুই মাস পার হলেও লক্ষ্যমাত্রার মাত্র এক-চতুর্থাংশ চাল খাদ্যগুদামে জমা হয়েছে। চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলা থেকে দুই হাজার ৬৭৫ মেট্রিক টন বোরো ধান ও ৪৪ হাজার ৫৭০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ১ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং ৩০ আগস্ট পর্যন্ত তা চলবে। ২ আগস্ট পর্যন্ত জেলার খাদ্যগুদামগুলোতে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে যথাক্রমে মাত্র ৫৫ মেট্রিক টন বোরো ধান ও ১০ হাজার ৭৯১ মেট্রিক টন বোরো চাল সংগৃহীত হয়েছে। জেলায় ৬৪৪টি চালকল রয়েছে। এর মধ্যে চলতি বোরো মৌসুমে ২৩০টি চালকল মালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ দেওয়ার চুক্তি করেন। চুক্তি মোতাবেক এসব চালকল মালিক ১৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল সরবরাহ করবেন। কিন্তু জেলার ৪১৪টি চালকল মালিক সরকারি গুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হননি। এসব মিল মালিককে সংগ্রহ মৌসুম শুরু হওয়ার আগেই সরকারি গুদামে ধান ও চাল সরবরাহ দেওয়ার জন্য জানানো হয়েছিল। কিন্তু তাঁরা চুক্তির নির্ধারিত সময়ে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহের উদ্যোগ নেননি। যা সরকারের চাল ও সংগ্রহ নিয়ন্ত্রণ আদেশ, ২০০৮-এর ৮ এবং ৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান জানান, গত ২৭ জুলাই ডাকযোগে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়া ৪১৪টি চালকল মালিককে চিঠি দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে জবাব পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রকও জেলায় বোরো সংগ্রহ অভিযানের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।এ প্রসঙ্গে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বলেন, বর্তমানে ধানের বাজার অত্যন্ত চড়া এবং সরকার-নির্ধারিত চালের দাম কম হওয়ায় চুক্তিবদ্ধ চালকল মালিকেরা খাদ্যগুদামে লোকসান দিয়ে চাল সরবরাহ করছেন। সরকারের সংগৃহীত ক্রয়মূল্যের সঙ্গে চাল উৎপাদন খরচের বিস্তর ফারাক হওয়ায় অধিকাংশ চালকল মালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।