শেরপুরে চাল নিয়ে বিপাকে চালকল মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিসহ ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে শেরপুরের চালের বাজারে। ক্রেতার অভাবে উৎপাদিত চাল নিয়ে বিপাকে পড়েছেন চালকল মালিকেরা। অবরোধের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা আসতে না পারায় স্থানীয় বাজারে চালের দাম কমে গেছে। এতে চালকল মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্রেতার অভাবে চাল বিক্রি করতে না পারায় অনেক চালকলমালিক চাতাল বন্ধ রেখেছেন। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক।
জেলা চালকল মালিক সমিতি ও জেলা চাল আড়তদার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শেরপুরে পাঁচ শতাধিক চাতালে প্রতিদিন গড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল উৎপাদন করা হয়। উৎপাদিত চালের ৯০ ভাগ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। অবশিষ্ট ১০ ভাগ স্থানীয় বাজারে বিক্রি হয়।
কিন্তু চলতি মাসে টানা অবরোধের কারণে ট্রাকসহ পণ্যবোঝাই যান চলাচল প্রায় বন্ধ থাকায় শেরপুর থেকে চাল অন্যত্র সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে চালকলগুলোতে উৎপাদিত চাল অবিক্রীত পড়ে থাকছে। সেই সঙ্গে জেলা সদরসহ স্থানীয় বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে চালের দাম মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা কমে গেছে।
কয়েকজন চালকল মালিক জানান, অবরোধের আগে বিআর-২৮ ও নাজিরশাইল চালের পাইকারি দাম ছিল যথাক্রমে প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা এবং ১ হাজার ৮০০ টাকা। কিন্তু এখন তা বিক্রি হচ্ছে যথাক্রমে ১ হাজার ৩৫০ ও ১ হাজার ৭০০ টাকায়।
গত বৃহস্পতিবার শেরপুর শহরের কান্দাপাড়া, নওহাটা, দীঘারপাড়, ঢাকলহাটি ও শীতলপুর এলাকার বেশ কয়েকটি চালকল ঘুরে দেখা গেছে অধিকাংশ চাতালই বন্ধ। অনেক চালকলের গুদামে বিআর-২৮ এবং আমন মৌসুমে উৎপাদিত পাইজাম, নাজিরশাইল ও সুগন্ধি চাল পড়ে রয়েছে।
এ সময় শেরপুর জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বলেন, অধিকাংশ চালকল মালিকই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন। প্রায় তিন সপ্তাহ ধরে অবরোধের ফলে তাঁদের ব্যবসায় ধস নেমেছে। ঢাকা থেকে ক্রেতারা আসতে না পারায় চালকলগুলোতে বিপুল পরিমাণ চাল অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এতে চালকল মালিকেরা আর্থিক ক্ষতিসহ ব্যাংকঋণ পরিশোধে চরম সংকটের মুখে পড়েছেন।
জেলা চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ চন্দ্র সরকার বলেন, অবরোধ ও হরতালের ফলে ঢাকা থেকে পাইকারেরা চাল কিনতে আসছেন না।
জেলা চাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আবদুল হামিদ বলেন, অবরোধের কারণে চাল বিক্রি না হওয়ায় শেরপুরের অধিকাংশ চাতাল বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় পাঁচ হাজার চাতালশ্রমিক বেকার হয়ে পড়েছেন।
শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদ বলেন, শেরপুরের অর্থনীতি চাতালশিল্পের ওপর নির্ভরশীল। কিন্তু অবরোধের কারণে সড়ক-মহাসড়কে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ট্রাকসহ পণ্যবোঝাই যান চলাচল বন্ধ থাকায় শেরপুরের চাল ব্যবসায়ীরা জেলার বাইরে চাল সরবরাহ করতে পারছেন না। এতে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি চালসহ সব কাঁচামাল বহনকারী যান অবরোধের আওতামুক্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।