শেরপুরে চালকের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র আতিকুর রহমান নিহত হওয়ার ঘটনায় বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি, আতিকুরের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও শহরের ভেতর দিয়ে দূরপাল্লার যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে।
আতিকুর শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয়েরই দশম শ্রেণির ছাত্র ছিল। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ক্যাবিনেটের আহ্বানে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মো. চান মিয়া, স্টুডেন্ট ক্যাবিনেটের প্রধান প্রতিনিধি জিহান বক্তৃতা করে। মানববন্ধনে শেরপুর জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
পরে ক্যাবিনেটের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিমের কাছে একটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে আতিকুর রহমানের মা-বাবাকে ক্ষতিপূরণ প্রদান, শহরের ভেতর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধসহ দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গত সোমবার বিকেলে শেরপুর-জামালপুর সড়কের পশ্চিমশেরী এলাকায় সরকার পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় আতিকুর রহমান নিহত হয়। সে জেলা শহরের মধ্যশেরী এলাকার দিনমজুর শফিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আতিকুরের মা অাতিজা বেগম ওই দিন রাতে বাসচালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করেন। পুলিশ আনোয়ারকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে শেরপুর জেলা কারাগারে আছেন।