শেরপুরে চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
শেরপুর জেলা সদরের ডুবারচর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয় পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ডুবারচর গ্রামের মো. মজিবর রহমান (৬০) ও মো. হাজিজ আলীকে (৫০) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশসহ আহত অন্য ব্যক্তিরা জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুবারচর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আবদুল হামিদের সঙ্গে প্রতিবেশী জুলহাস মিয়া ও কমল মিয়ার ট্রাক্টর দিয়ে চাষাবাদ করা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ডুবারচর বাজারে এ বিরোধের জের ধরে আবারও আবদুল হামিদের সঙ্গে জুলহাস মিয়া ও কমল মিয়ার কথা-কাটাকাটি হয়। এ খবরে মুহূর্তেই উভয় পক্ষের সহস্রাধিক সমর্থক দা, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডুবারচর বাজারের উত্তর ও দক্ষিণ পাশে জড়ো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শেরপুর জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশকে বহনকারী ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটাসহ কাঁদানে গ্যাসের ১১টি শেল ও ১৮টি ফাঁকা গুলি ছোড়ে। প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে ছয় পুলিশসহ ২০ জন আহত হন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।