শেরপুরে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এ কারণে গতকাল শনিবারও চিকিৎসকেরা প্রাইভেট চেম্বারে কোনো রোগী দেখেননি। এতে রোগীরা দুর্ভোগ পোহান।
ধর্মঘটের কারণে জেলার অধিকাংশ রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) বন্ধ ছিল। বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার বন্ধ ছিল। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার আহ্বানে এ ধর্মঘট পালিত হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলো এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
চিকিৎসক শরীফুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএ, শেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুরে সংবাদ সম্মেলন হয়। জেলা সদর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি এম এ বারেক। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চিকিৎসক শরীফুলের বিরুদ্ধে যেসব ধারায় মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। শরীফুল অস্ত্রোপচারের যথাযথ নিয়মকানুন মেনেই অস্ত্রোপচার করেছেন। তারপরও মানবিক দিক বিবেচনা করে গত ২৩ মে সোমবার জাতীয় সংসদের হুইপ আতিউর রহমানের নেতৃত্বে এবং বিএমএর নেতৃবৃন্দের উপস্থিতিতে বাদী ও বিবাদী উভয় পক্ষের মধ্যে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান হয়। বাদীপক্ষ মামলা তুলে নেবেন বলে রাজি হয়। কিন্তু এক দিন পরই বাদীপক্ষ কিছু স্বার্থান্বেষী মহলের খপ্পরে পড়ে আদালতে গিয়ে হুইপ আতিউর জোরপূর্বক ভয় দেখিয়ে এবং চাপ প্রয়োগ করে তাঁদের সম্মতি আদায় করেছেন মর্মে আদালতে বক্তব্য দেন। ফলে আদালত চিকিৎসক শরীফুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।’
বিএমএ সভাপতি আরও বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মেনেই আমরা এর সমাধান চাই। আমাদের দাবি, চিকিৎসক শরীফুলের জামিন পাওয়ার অধিকার থেকে যেন তাঁকে যেন বঞ্চিত করা না হয়। জামিন এবং মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন যথানিয়মে চলতে থাকবে।’
সংবাদ সম্মেলনে শেরপুরের সিভিল সার্জন আনোয়ার হোসেন, বিএমএর সহসভাপতি আনিসুর রহমান, সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক নাদিম হাসান ও পরামর্শক সার্জন মুক্তি মাহমুদসহ অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
গতকাল দুপুরে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, প্রাইভেট চেম্বারে চিকিৎসকদের ধর্মঘটের কারণে বিপুলসংখ্যক রোগী হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। এ সময় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. রবিউল আলম জানান, স্বাভাবিক সময়ে বহির্বিভাগে সাড়ে তিন থেকে চার শ রোগী দেখা হয়। কিন্তু আজ শনিবার বহির্বিভাগে প্রায় আট শ রোগী চিকিৎসা নিয়েছেন।
এদিকে ভুল চিকিৎসার শিকার নারীর স্বামী ও মামলার বাদী মো. সোলায়মান গতকাল পুনরায় তাঁর স্ত্রীর অঙ্গহানির জন্য দায়ী চিকিৎসকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।