শেরপুরে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল মঙ্গলবার স্থগিত করা হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএ, শেরপুর জেলা শাখার আহ্বানে গত ২৭ মে এই কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক গতকাল সকাল ১০টার দিকে ধর্মঘট স্থগিত করার সত্যতা নিশ্চিত করেন। ধর্মঘট স্থগিত হওয়ায় গতকাল সকাল থেকেই চিকিৎসকেরা প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে রোগী দেখছেন।
বিএমএ সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরামর্শক সার্জন শরীফুল ইসলামকে শেরপুরের আমলি আদালতে ভুল চিকিৎসার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২০ মে পুলিশ গ্রেপ্তার করে। এরপর ২৭ মে থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখা থেকে বিরত থাকেন। এ ছাড়া কোনো বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়নি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিএমএর পক্ষ থেকে গতকাল সকালে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
গত বছরের ১৫ নভেম্বর ক্যানসারের কথা বলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক শরীফুল ইসলাম শ্রীবরদী উপজেলার ভূতুনিকান্দা গ্রামের এক নারীর বাম স্তন কেটে ফেলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আনোয়ারা মেডিকেল সেন্টার থেকে দেওয়া বায়োপসি প্রতিবেদনে ওই নারীর কেটে ফেলা স্তনে কোনো ক্যানসারের অস্তিত্ব ছিল না বলে উল্লেখ করা হয়। এই ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ওই নারীর স্বামী বাদী হয়ে শরীফুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে শেরপুরের আমলি আদালতে মামলা করেন।