শেরপুরে চিকিৎসকসহ ৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত
শেরপুরে গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত তিন স্বাস্থ্যকর্মীই করোনার নমুনা সংগ্রহ দলে কাজ করতেন। এ নিয়ে জেলায় ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
নতুন শনাক্ত হওয়া তিন স্বাস্থ্যকর্মীর একজন জেলা সদর হাসপাতালের এবং দুজন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাবরেটরি টেকনিশিয়ান। আর বিশেষজ্ঞ চিকিৎসক জেলা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান।
আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে চারজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ দলের তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ায় নমুনা সংগ্রহ কার্যক্রমে বিঘ্নিত হচ্ছে। বিকল্প ব্যবস্থায় দলে নতুন স্বাস্থ্যকর্মী যুক্ত করার চেষ্টা চলছে।
এদিকে এ ঘটনার পর সংক্রমণের ঝুঁকি এড়াতে গতকাল রাতে জেলা সদর হাসপাতালের কার্যক্রম সীমিত করে শুধুমাত্র জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়। তবে আজ সকাল ১০টা থেকে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের কার্যক্রম চালু হয়।
জেলার সিভিল সার্জন আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীসহ বহির্বিভাগ ও অন্তর্বিভাগে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। আর স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে আসা রোগী এবং সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে হাসপাতালের পরীক্ষাগারে কাজ করতেন। রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ ছিল না। নিয়মিত 'চেকআপের' অংশ হিসেবে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সিভিল সার্জন আরও বলেন, আক্রান্ত চিকিৎসক ও দুই স্বাস্থ্যকর্মীকে হোম আইসোলেশনে এবং এক স্বাস্থ্যকর্মীকে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এ ছাড়া তাদের সংস্পর্শে আসা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২২ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।