শেরপুরে চিকিৎসকের মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত
শেরপুরে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার হওয়া চিকিৎসক মো. শরীফুল ইসলামের মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে চিকিৎসকেরা প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে রোগী দেখছেন।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক প্রথম আলোকে ধর্মঘট স্থগিত করার এ সিদ্ধান্তের কথা জানান।
বিএমএ সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরামর্শক সার্জন মো. শরীফুল ইসলামকে শেরপুরের আমলি আদালতে করা একটি মামলায় ২০ মে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ মে থেকে তাঁর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএর ডাকে ধর্মঘট শুরু হয়। এ সময় চিকিৎসকেরা প্রাইভেট চেম্বারে রোগী দেখেননি। কোনো বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারও হয়নি। জেলার অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার (রোগ নির্ণয় কেন্দ্র) বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।
বিএমএ নেতা এম এ বারেক বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনেই আমরা এর সমাধান চাই। আমাদের অনুরোধ, চিকিৎসক শরীফুল জামিন পাওয়ার অধিকার থেকে যেন বঞ্চিত না হন।’
গত বছর ১৫ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের কথা বলে শেরপুরের শ্রীবরদী উপজেলার এক নারীর (৩০) বাঁ স্তন কেটে ফেলেন চিকিৎসক শরীফুল ইসলাম। পরবর্তী সময়ে বায়োপসি প্রতিবেদনে দেখা যায়, ওই নারীর ক্যানসার ছিল না। গত বছরের ২৭ ডিসেম্বর ভুল চিকিৎসার শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে চিকিৎসক শরীফুল ইসলাম ও ময়মনসিংহের কুণ্ডু প্যাথলজির মালিক অধ্যাপক কে কে কুণ্ডুর বিরুদ্ধে শেরপুরের আমলি আদালতে মামলা করেন। জেলার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ বছরের ২০ মে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেলা কারাগারে আটক রয়েছেন।
এ নিয়ে গত ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘ভুল অস্ত্রোপচারের অভিযোগ, আদালতে মামলা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।