শেরপুরে চিকিৎসকের মুক্তির দাবিতে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলামের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শেরপুরের চিকিৎসকেরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শেরপুর জেলা শাখা গত বৃহস্পতিবার এ ধর্মঘটের ডাক দিয়েছে।
অন্যদিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে করা মামলার বাদী গতকাল সংবাদ সম্মেলন করে একটি প্রভাবশালী মহল তাঁকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন।
বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি এম এ বারেক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরামর্শক সার্জন শরীফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাই তাঁর মুক্তির দাবিতে শেরপুরের চিকিৎসকেরা ধর্মঘট পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে গতকাল তাঁরা তাঁদের ব্যক্তিগত চেম্বারে কোনো রোগী দেখেননি। সরকারি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
এদিকে গতকাল দুপুরে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদী মো. সোলায়মান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২২ মে রাতে ও ২৩ মে সোমবার বিকেলে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল ও আওয়ামী লীগের নেত্রী নাসরিন রহমান দুই দফায় তাঁকে হুইপের কার্যালয়ে ডেকে নিয়ে যান। এ সময় তাঁরা মামলা প্রত্যাহার এবং আপস করার জন্য তাঁকে চাপ দেন। তিনি তাঁদের কথায় রাজি না হয়ে শরীফুলের বিচার দাবি করেন। এতে তাঁকে গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয়। আতিউর রহমান ও চন্দন কুমার পাল বিদেশে অবস্থান করায় মামলার বাদী সোলায়মানের অভিযোগ সম্পর্কে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এম এ বারেক প্রথম আলোকে বলেন, হুইপ আতিউর বাদীকে মামলা আপস করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কোনো ধরনের হুমকি প্রদর্শন করেননি।
গত বছরের ১৫ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শরীফুল ইসলাম ক্যানসারের কথা বলে শ্রীবরদী উপজেলার ভূতুনিকান্দা গ্রামের এক নারীর (৩০) বাঁ স্তন কেটে ফেলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আনোয়ারা মেডিকেল সার্ভিসেস থেকে দেওয়া বায়োপসি প্রতিবেদনে কেটে ফেলা স্তনে কোনো ক্যানসার ছিল না বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ওই নারীর স্বামী চিকিৎসক শরীফুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে শেরপুরের আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। জেলা ডিবি পুলিশ ২০ মে শরীফুলকে গ্রেপ্তার করে।