শেরপুরে চুরি হচ্ছে মহাসড়কের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের গাছ চুরি হচ্ছে। সড়কের প্রায় সাত কিলোমিটারজুড়ে গাছ চুরির ঘটনা বেশি ঘটছে। কেটে নেওয়া কড়ই, আকাশমণি, মেহগনিসহ নানা জাতের গাছ প্রায় ২৫ বছর আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে লাগানো হয়।সওজ বগুড়ার উপসহকারী প্রকৌশলী মেহেদী খান চুরি যাওয়া গাছের সংখ্যা জানাতে পারেননি। তবে তিনি জানান, গাছ চুরির ঘটনায় এ পর্যন্ত দুই-তিনবার শেরপুর থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দশমাইল থেকে সীমাবাড়ীর প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে বেশ কিছু গাছের ডালপালা কেটে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকটি স্থানে মাটি খুঁড়ে গাছের গোড়া পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ছয়-সাত বছর ধরে ঘটে চলেছে গাছ চুরির ঘটনা। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক গাছ চুরি হয়েছে। শেরুয়া থেকে ঘোগা বটতলা পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কে গাছ চুরির সংখ্যা বেশি। সড়কের উভয় পাশের গাছগুলোর মধ্য থেকে মূল্যবান গাছগুলো চুরি হচ্ছে।মহাসড়কের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকার আবদুল মোমিন বলেন, ‘দিনের বেলায় দেখি সড়কের গাছগুলো ভালোই আছে। আর রাত পোহালেই দেখা যায় গাছের ডালপালা কাটা। আর কয়েক দিন পর চোখে পড়ে গাছটি উধাও হয়ে গেছে।’ মদনপুরের আবদুর রাজ্জাক জানান, গাছ চুরির ঘটনা ঘটে রাতে। আর মহাসড়কে রাতেই দূরপাল্লার যানবাহন বেশি চলাচল করে। কাটার সময় গাছ মহাসড়কে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল জানান, গাছ চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীরা জড়িত বলে এলাকায় প্রচার রয়েছে। তবে তাঁর দাবি, এমন চুরি শুধু নেশাগ্রস্ত ব্যক্তিদের পক্ষে করা সম্ভব নয়। এদের পেছনে কারও ইন্ধন থাকতে পারে। একই কথা জানান, উপজেলার মির্জাপুর ইউপির চেয়ারম্যান মোনায়েম হোসেন খান।শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ইতিমধ্যে গাছ চুরি রোধে মহাসড়ক এলাকার বিভিন্ন স্থান থেকে বেশ কিছু মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই চুরির সঙ্গে আর কেউ জড়িত কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।