শেরপুরে ছাত্রলীগ কর্মীর হামলায় শিক্ষক আহত
বগুড়ার শেরপুরে ছাত্রলীগের এক কর্মীর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন সুঘাট ইউনিয়নের জোড়গাছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর গোলাম রব্বানী (৫৮)। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার দুপুরে স্কুল চত্বরে ওই শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটান সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. আরিফ (২৮)। এ ঘটনায় শনিবার রাতে গোলাম রব্বানীর স্ত্রী সামছুন নাহার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তবে পুলিশ গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ঘটনার সঙ্গে জড়িত মো. আরিফকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁরা দাবি করেন, আরিফ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও কোনো পদে নেই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জোড়গাছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নাম না থাকায় আরিফের মা মোছা. আছাতন বেওয়া (৪৫) শনিবার বেলা সাড়ে ১১টায় স্কুলে এসে প্রধান শিক্ষককে গালিগালাজ করেন। কিছুক্ষণ পর মো. রুবেল নামের এক তরুণকে সঙ্গে নিয়ে আরিফ একটি মোটরসাইকেলে করে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের নলকূপের সামনে প্রধান শিক্ষককে ডেকে এনে আরিফ রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র চৌধুরী বলেন, প্রধান শিক্ষককে রামদা দিয়ে আঘাত করতে দেখে তিনিসহ অন্য শিক্ষকেরা এগিয়ে এলে আরিফ তাঁর সহযোগীকে নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে চলে যান।
গতকাল জোড়গাছা গ্রামে গিয়েও আরিফকে পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তাঁর মুঠোফোন। প্রতিবেশীরা জানান, ঘটনার পর আরিফের মা-ও বাড়ি থেকে চলে গেছেন।