শেরপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার আগ্নেয়াস্ত্রউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থানার পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হক (২৭) ও তাঁর স্ত্রী বুলবুলিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রেজাউল হক অস্ত্রধারী ও রাজনৈতিক সন্ত্রাসী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। ওসি আরও বলেন, রেজাউলকে একটি মামলায় গ্রেপ্তারের পর আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর রেজাউলের স্বীকারোক্তি অনুযায়ী গত শনিবার রাতে পৌর শহরের একটি মোটরসাইকেলের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখানে রেজাউলের মোটরসাইকেলের টুলবক্স থেকে দেশে তৈরি একটি রিভলভার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজাউল জানান, তাঁর স্ত্রীর কাছেও একটি পিস্তল আছে। এরপর গত রোববার ভোরে পৌর শহরের নয়াপাড়ার বাড়ি থেকে বুলবুলিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি বাড়ির একটি ঘরের মেঝের গর্তে লুকিয়ে রাখা সাতটি গুলি ও একটি বিদেশি পিস্তল বের করে দেন।